সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকানুসারে শনিবার ছিল পহেলা অগ্রহায়ণ। এদিন তারা নবান্ন উৎসব পালন করেন। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলীতে বসেছিল মাছের মেলা। দুইশ বছরের প্রাচীন উথলী মাছের মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়ে থাকে বলে জানায় এলাকাবাসী।
জানা যায়, নবান্ন উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের মেলা বসে উথলীতে। সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব হলেও উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবিপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, গনেশপুর, রহবলসহ প্রায় ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিল উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানে নবান্ন করেন।
উৎসব উপলক্ষে মেলায় মাছ কেনাবেচা হয়েছে অনেক। এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের রুই, কাতলা, চিতল, সিলভার কাপ, ব্রিহেডসহ হরেক রকমের মাছ বিক্রি হয় মেলায়। তবে দাম ছিল ক্রেতাদের নাগালের বাইরে। বিশালাকৃতির রুই-কাতলা ও চিতল মাছগুলো ছয়শ থেকে আটশ টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ তিনশ টাকা থেকে সাড়ে ছয়শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
IMG0
মেলার ইজারদার ওমর ফারুক জানান, আগে মেলাটি ক্ষুদ্র পরিসরে হলেও সাম্প্রতিক সময়ে তা ব্যাপকতা লাভ করেছে। প্রতিবছর এলাকাবাসীর সহায়তায় সুষ্ঠুভাবে আমরা মেলা পরিচালনা করে থাকি। শুধু আশেপাশেরই নয় পুরো শিবগঞ্জ উপজেলার মানুষ এখানে নবান্নের বাজার করতে আসেন। মাছের মেলার খবর পেয়ে শহর থেকেও অনেকে সেখানে ছুটে আসেন মাছ কিনতে। তবে তুলনামূলকভাবে এবার মাছের আমদানি অনেকটা কম।
ইত্তেফাক/আরকেজি