দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর অবশেষে স্বল্প পরিসরে চালু হচ্ছে রাজশাহী রেশম কারখানা। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের মঙ্গলবার অনুষ্ঠিত সভায় কারখানাটি এ সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্তের অংশ হিসেবে শনিবার দুপুরে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও রেশম বোর্ডের পরিচালনা সিনিয়র সহ-সভাপতি ফজলে হোসেন রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন।
এ সময় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূর-উর-রহমান, রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যসচিব আনিস-উল-হক ভূইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য (সম্প্রসারণ ও প্রেষণা) এমএ মান্নান, সিবিএ সভাপতি মো. আবু সেলিমসহ রেশম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী রেশম কারখানা পরিদর্শনকালে সংসদ সদস্য বাদশা কারখানায় সংরক্ষিত বিভিন্ন মেশিন সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সে সমস্ত মেশিন ভালো আছে তা পরীক্ষা করে চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
তিনি বলেন, ‘আগামী ৪৫ দিনের মধ্যে রেশম কারখানাটি স্বল্প পরিসরে খুলবে। এরপর ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে তিন স্তরে কারখানাটি পুরোপুরি চালু হবে। এ কারখানা বন্ধের বিষয়টি ছিল রাজশাহীর দুর্ভাগ্য। রেশম কারখানা খুলে দেয়ার দাবিতে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। এখন ফের সুখবর আসছে। কারখানাটি চালু হলে রাজশাহী অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে রেশম গবেষণা কেন্দ্রে একটি মডেল কারখানা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। যাতে করে বাইরের মানুষ এসে রাজশাহী সিল্ক সম্পর্কে অবহিত হতে পারে।’
ইত্তেফাক/আরকেজি