পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে শনিবার দুপুরে অভিযান চালিয়ে মাদকের আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসা করা হতো। এসময় মাদক সেবনরত অবস্থায় ১জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি সুজানগর উপজেলার মাহিদের ছেলে হানিফ (৪৫)।
ওইদিন দুপুর ২টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের এনজিও সমতার মালামাল খুঁজতে পুলিশ একই গ্রামের রজব আলী খন্দকারের বাড়িতে যায়। পুলিশ কিছু বুঝে উঠার আগেই বাড়ির একটি ঘর থেকে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালান। অন্যজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটকের পরে টিনসেট ঘরে ঢুকে পুলিশ মাদক সেবন করার বিভিন্ন উপকরণ উদ্ধার করে। এছাড়া ওই ঘর থেকে একটি ধারালো চাপাতি ও একটি মোটরসাইকেল পাওয়া যায়।
এলাকাবাসীর ধারনা রজবের ছেলে ইউনিয়ন যুবদল নেতা খন্দকার মতিন দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে মাদকের ব্যবসা ও বন্ধুদের নিয়ে মাদক সেবন করে আসছিলেন। নিরাপদে মাদক ব্যবসা পরিচালনার জন্য টিনের ঘরের চারপাশে সিসি ক্যামেরা যুক্ত করেন। সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি