দাউদকান্দিতে যুবলীগ নেতার পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

কুমিল্লার দাউদকান্দিতে ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় যুবলীগ নেতা মো. আলমের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর এলাকায় এ ঘটনা ঘটে। আলম জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং দাউদকান্দির সাঈদ-মোহাম্মদ আলী জোড়া খুন মামলায় আসামি হয়ে দীর্ঘ দিন পলাতক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর জেলার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার দাউদকান্দির গৌরিপুর উত্তর বাজারে সন্ত্রাসীদের হাতে খুন হন। ওই হত্যাকাণ্ডের জের ধরে মামলার এজাহার নামীয় আসামী দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের আবদুস সামাদের ছেলে সাঈদ ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী চলতি বছরের ১ এপ্রিল বিকালে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর উত্তর বাজার এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হন। ওই জোড়া খুনের মামলায় আসামি হয়ে যুবলীগ নেতা আলম এ যাবৎ পলাতক ছিলেন।

দীর্ঘ দিন সে পলাতক থাকার পর শনিবার বাড়িতে আসার খবর পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় প্ররণ করা হয়।

গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান সুজন জানান, পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়, এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আহত আলমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, হামলার বিষয়ে পুলিশ মাঠে তদন্ত শুরু করেছে।

ইত্তেফাক/নূহু