খাদ্যে যারা ভেজাল দেয় তারা ঘাতক: নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, খাদ্যে যারা ভেজাল দেয় তারা ঘাতক। আগুন দিয়ে মানুষ হত্যার সঙ্গে জড়িত, সড়কে মানুষ হত্যাকারী এমনকি সম্প্রতি কেরোসিন দিয়ে মাদ্রাসা ছাত্রীকে হত্যার চেষ্টাকারীদের চেয়েও ভয়ঙ্কর কাজ করে থাকে খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পবিত্র রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের দাম না বাড়াতে এবং খাদ্যে ভেজাল না মেশাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। 

বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

খাবারে ভেজালের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান চালানোর আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী রমজানে সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার পরিবেশনে ব্যবসায়ীরা সচেতন থাকবেন। দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। কোনভাবেই ভেজাল দিয়ে অতি মুনাফার চেষ্টা করবেন না। রমজান সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দিন’।

তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান উন্নত দেশগুলোতে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে যেহেতু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান, সেহেতু সংসদীয় কমিটির মাধ্যমে মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের স্ব স্ব কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আর খাদ্য মন্ত্রণালয় যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, তাই এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাজে সমন্বয় করা হবে। দেশে দ্রুত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এর লক্ষ্য। 

আরো পড়ুন: মোদির বায়োপিকের ওপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি

মোহাম্মদ নাসিম বলেন, যারা খাদ্যে ভেজাল মেশায়, তারা সন্তানকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে, স্বজনকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে, সে নিজেকে হত্যা করার ব্যবস্থা গ্রহণ করছে। মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মাদক এবং জঙ্গিবাদ নির্মূলের মত খাদ্যে ভেজাল নির্মূলেও অভিযান জোরদার করা, খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জিরো টলারেন্স প্রদর্শন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। 

সম্মেলনে অন্যান্যের মধ্যে হুইপ আতিউর রহমান আতিক, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ, সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই