বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৬) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বলেন, বাসের ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ত্ থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিয়ে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালাতেন। বাসটি রাস্তার পাশে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএম।