ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে আছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে লিগ ম্যাচে গাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনের গোলে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
অতিথি হয়ে যাওয়া ম্যানসিটি বিরতির আগে এগিয়ে যায়। রাহিম স্টার্লিয়ের পাস থেকে বল পেয়ে ডেভিড সিলভা বক্সের ভিতরে জেসুসের দিকে বল বাড়ান। সেই বল থেকে অনায়াসেই লিগের অষ্টম গোলটি করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রুইন। লেরয় সানের কাটব্যাক থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।
১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে খাকা ম্যানইউ থেকে ৮ পয়েন্টে এগিযে আছে দলটি। অপরদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে লেস্টার।
ইত্তেফাক/কেআই