ফেবারিট রজার ফেদেরারকে হারিয়ে এটিপি ট্যুর এর ফাইনাল নিশ্চিত করেছেন ডেভিড গোফিন। শনিবার রাতে লন্ডনের ও-টু এরিনাতে অনুষ্ঠিত সেমিফাইনালে বেলজিয়ান গোফিন প্রথম সেটে ২-৬ গেমে পরাজিত হলেও পরের দুই সেটে ১৯ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।
দিনের অপর সেমিফাইনালে বুলগেরিয়ার ষষ্ঠ বাছাই গ্রিগর দিমিত্রভ ৪-৬, ৬-০, ৬-৩ গেমে যুক্তরাস্ট্রের জ্যাক সককে পরাজিত করে ফাইনালে উঠেছেন। সপ্তাহের শুরুতে রাউন্ড রবিন লিগের ম্যাচে দিমিত্রভের কাছে ৬-০, ৬-২ গেমে পরাজিত হয়েছিলেন গোফিন।
সেমিফাইনালের প্রথম সেটে মাত্র ৩৩ মিনিটেই ২৬ বছর বয়সী গোফিনের বিপক্ষে জয় তুলে নিয়েছিলেন সুইস সুপারস্টার ফেদেরার। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগেও ফেদেরারের বিপক্ষে জয়ের কোন ক্লু জানা না থাকা সপ্তম বাছাই গোফিন দ্বিতীয় সেটেই ঘুড়ে দাঁড়ান। ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ফেদেরারের ছন্দ নষ্ট করে দেন। হঠাৎ করেই ফেদেরার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার থেকে আর উঠে আসতে পারেননি।
ইত্তেফাক/কেআই