রংপুরে হামলা: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো

 
ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও ৭ দিন সময় চেয়েছে সংশ্লিষ্টরা।
 
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ বলেন, প্রথম ৭ দিনে তদন্ত শেষ করতে না পারায় আজ রবিবার সকালে সময় বাড়ানোর আবেদন করলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান তা মঞ্জুর করেন। এ বিষয়ে জেলা প্রশাসক মো.ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর, সুষ্ঠু তদন্তে কমিটিকে আরও ৭ দিনের সময় দেওয়া হয়েছে।
 
প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শুক্রবার রংপুরে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সংঘবদ্ধ দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক যুবক নিহতসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়।
 
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু রাফা মো. আরিফ কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ রবিবার তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। অপরদিকে, ফেসবুকে ধর্মীয় কটূক্তির ঘটনা অভিযুক্ত টিটু রায়কে গত মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ইত্তেফাক/জামান