তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
মো, নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্নঃ হাব কি? হাব ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখ।
হাব (Hub) : কম্পিউটার নেটওয়ার্কভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলা হয়। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। Hub-এর পোর্টের সংখ্যার উপর নির্ভর করে কতগুলো কম্পিউটার সংযোগ দেওয়া যাবে। কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। বর্তমানে বাজারে বিভিন্ন সংখ্যক পোর্টের হাব পাওয়া যায়। স্টার টপোলজির ক্ষেত্রে Hub হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা :
১। সক্রিয় হাব (Active Hub) ও
২। নিষ্ক্রিয় হাব (Possive Hub)।
১। সক্রিয় হাব (Active Hub) : সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।
২। নিষ্ক্রিয় হাব (Possive Hub) : নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতের মানকে বৃদ্ধি করে না। এ কারণে এ সকল হাবকে Active device-এর সাথে যুক্ত করে দেওয়া হয়।
হাবের সুবিধা (Advantages of Hub) :
(১) হাবের দাম তুলনামূলকভাবে কম।
(২) হাব বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে।
হাবের অসুবিধা (Disadvantages of Hub) :
(১) নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়।
(২) ডেটা আদান-প্রদানে সংঘর্ষ বা বাধার সম্ভাবনা থাকে।
(৩) ডেটা ফিল্টারিং সম্ভব হয় না।
প্রশ্ন: সুইচ কি? সুইচ ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখ।
সুইচ (Switch) : কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে হাবের মতো এটিও একটি কানেকটিং ডিভাইস হিসেবে ব্যবহূত হয়। তবে সুইচ প্রেরক হতে আগত সিগনালকে গ্রহণ করার পর সরাসরি টার্গেট কম্পিউটারে প্রেরণ করে। কিন্তু হাব সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে সকল কম্পিউটারে পাঠায়।
সুইচের সুবিধা (Advantages of Switch) :
(১) ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে সংঘর্ষ বা বাধার সম্ভাবনা কমায়।
(২) ভার্চুয়াল LAN ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়।
সুইচের অসুবিধা (Disadvantages of Switch) :
(১) হাবের তুলনায় সুইচের দাম অপেক্ষাকৃত বেশি।
(২) ডেটা ফিল্টারিং সম্ভব নয়।
(৩) কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।