রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান।
রবিবার বেলা ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ইউরোপীয়ন ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছান।
মিয়ানমারের রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রীরা জানান, দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে যা চরম মানবাধিকার লঙ্ঘন। এ সময় প্রতিনিধিরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আগামী আসেম সম্মেলনে কথা বলবেন বলে জানান। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে তাদের প্রত্যাবাসনে সরকারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন সফররত আন্তর্জাতিক প্রতিনিধিরা। সংকটের কার্যকর সমাধানে দুদেশের মধ্যে গঠনমূলক আলোচনার প্রেক্ষিতে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন তারা।
এ ছাড়া সফররত আন্তর্জাতিক প্রতিনিধিরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গাক্যাম্পে আইওএম’র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এর আগে শনিবার উখিয়ার বালুখালী রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনে আসেন ১০ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল। সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ছাড়াও দেশটির ২ জন সিনেটর ও ৩ জন কংগ্রেসের সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয় শিবিরে ৭টি বায়োমেট্রিক কেন্দ্রে ৫ লাখ ৭৪ হাজার ৫১৮ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে।
ইত্তেফাক/ইউবি