বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ব্রিটিশ শাসন
প্রশ্ন-১: পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী কারা? এ যুদ্ধের পাঁচটি ফলাফল লিখ।
উত্তর: ইউরোপীয় বণিকরা বাণিজ্য সুবিধার জন্যই ক্রমশ এদেশের স্থানীয় রাজনীতি ও শাসন কাজে হস্তক্ষেপ শুরু করে। পলাশীর যুদ্ধ: ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ হয়েছিল।
পলাশীর যুদ্ধের কারণ: নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার শাসন ক্ষমতা থেকে উত্খাতের জন্য পলাশীর যুদ্ধ হয়েছিল।
পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী: পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী নবাবের বড় খালা ঘষেটি বেগম, প্রধান সেনাপতি মীর জাফর, মীর কাসিম ও ইংরেজ বণিকরা।
পলাশীর যুদ্ধের ফলাফল: পলাশীর যুদ্ধের পাঁচটি ফলাফল নিম্নরূপ:
১. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং বাংলার মানুষের রাজনৈতিক স্বাধীনতা খর্ব হয়।
২. বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও তাঁত শিল্প ধ্বংস হয় এবং এদেশ থেকে প্রচুর অর্থ ও সম্পদ পাচার হয়ে যায়।
৩. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
৪. বাংলায় আধুনিক ও ইংরেজি শিক্ষা ব্যবস্থা প্রচলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৫. রেলগাড়ি, টেলিগ্রাফ ও ছাপাখানার প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। ইংরেজরা এদেশ প্রায় ২০০ বছর শাসন ও শোষণ করে। এ সময় বাংলার মানুষের মাঝে ধর্ম-বর্ণ ও জাতিগত বৈষম্য সৃষ্টি হয়।
প্রশ্ন-২: সিপাহি বিদ্রোহের তিনটি কারণ লিখ।
উত্তর: ভারতীয় উপমহাদেশে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল বৃটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। এ বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিলো ইংরেজ শাসনের অবসান ও ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জন।
সিপাহি বিদ্রোহের কারণ: সিপাহি বিদ্রোহের তিনটি কারণ নিম্নরূপ:
১. সেনাবাহিনীতে সিপাহি পদে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য।
২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি।
৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ প্রদান ।