আমির খসরু সেলিম
বেতগাছ থেকে নানা রকম আসবাব তৈরি হয় এটা আমরা সবাই জানি। সুদৃশ্য চেয়ার-টেবিল, সোফা, খাটসহ আরো অনেক ধরনের জিনিসপত্র পাই আমরা বেত থেকে। লতানো এই গাছ থেকে যে মজাদার ফলও পাওয়া যায় তার খবর রাখি কয়জন!
বেতের ফল আঙুরের মতো থোকায় ধরে। একটি থোকায় ২০০টি পর্যন্ত ফল ধরে। ফুল আসে কার্তিক মাসে আর ফল পাকে চৈত্র মাসে। বেতফল দেখতে গোলাকার, লম্বায় হয় ১ থেকে ১.৫ সেন্টিমিটার। এর খোসার রং সবুজাভ ঘিয়া। পাকা ফলের শাঁস নরম এবং খেতে কিছুটা মিষ্টি, টক আর কষযুক্ত মনে হয়। অনেকে বেতফল জামের মতো ঝাল-লবণ মাখিয়ে খায়। বাংলাদেশে মোটামুটি ৬ জাতের বেতগাছ জন্মে। বেশি দেখা যায় সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে। বেতগাছের ফলকে বেত্তুন, বেথুন, বেতগুলা, বেত্তুইন এসব নামেও ডাকা হয়।