গাজীপুরে ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে বিড়ালের কবল থেকে উদ্ধার করেছে এক পোশাক শ্রমিক দম্পতি।
রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকার ঢাকা-গাজীপুর সড়কের পাশের একটি ডাস্টবিন থেকে ওই নবজাতকটি উদ্ধার হয়। কয়েক ঘণ্টা বয়সী ওই শিশুটিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুপুর ২টার দিকে তিনসড়ক এলাকায় স্প্যারো কারখানার পোশাক শ্রমিক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন কয়েক ঘণ্টা বয়সী শিশুটি হাসপাতালে নিয়ে আসেন। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিড়ালের দাঁত ও নখের ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এ মুহুর্তে শিশুটি শঙ্কামুক্ত। বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
ওই দম্পতি বলেন, ‘দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা লক্ষ্মীপুরার ভাড়া বাসায় ফিরছিলাম। পথে তিনসড়ক এলাকায় একটি ডাস্টবিনে প্লাস্টিকের ব্যাগ নিয়ে বিড়াল টানাটানি করছিল। এ সময় ওই ব্যাগ থেকে বাচ্চার কাঁন্নার শব্দ পেয়ে আমরা এগিয়ে যায়। পরে বিড়াল তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি