ফরম পূরণের সুযোগ না পেয়ে দা-কুড়াল নিয়ে স্কুলে হামলা

 
কুমিল্লায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে দা-কুড়াল নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছেন শিক্ষার্থীরা। জেলার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত উল্লাহ সোমবার নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ৪৪জন শিক্ষার্থীর নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ জমা দিয়েছেন।
 
স্কুল ও স্থানীয় সূত্র জানায়, এ বছর বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫১জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১০৭জন। বিদ্যালয়ের অনুত্তীর্ণ ৪৪জন ফরম পূরণের সুযোগ পাননি। সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা রবিবার রাতে দা-কুড়াল নিয়ে এসে স্কুলে হামলা চালায়। এসময় দরজা-জানালা ও লাইট ভাংচুর করা হয়। 
 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে বিদ্যালয়ে ভাংচুর করেছে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। স্কুল থেকে ৩০/৩২জনের নামে অভিযোগ দেয়া হয়েছে। এখনও মামলা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি