ব্রিজের অভাবে ২০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াত

ঝিনাইগাতী উপজেলার মালিঝি নদীর ড্যান্যের পাড়ে একটি ব্রিজের অভাবে ২০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকেই এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ পথে যাতায়াতকারী ২০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার থেকে বাতিয়াগাঁও হয়ে কালিবাড়ি বাজারে যাতায়াতের পথে এ নদীটির অবস্থান। কিন্তু এখানে একটি ব্রিজের অভাবে কৃষকদের উত্পাদিত কৃষিপণ্য ও গবাদি পশু পারাপারের সময় তাদের চরম বিড়ম্বনার শিকার হতে হয়। বর্ষা মৌসুমে কোমলমতি শিশু-কিশোররা নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না। এডিপি’র অর্থায়নে তিন বছর আগে এখানে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই সেতুটি বিধ্বস্ত হয়ে যায়। গ্রামবাসীর পক্ষ থেকে বিধ্বস্ত সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াত ব্যবস্থা চালু রাখা হয়। ওই সাঁকো দিয়ে চলছে এখন পারাপার। এতে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য এলজিইডিতে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ব্রিজ নির্মাণ করা হবে।

ইত্তেফাক/নূহু