লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আবির (১৩) ও মো. রিয়াজ (১৭) নামের দুই হোটেল কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় মো. রিয়াজ নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই আবিরকে আটক করে পুলিশ। এ ছাড়া জোবায়ের হোসেন, মো. সোলায়মান, আলী আজগর ও সুমন নামের অপর কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, রান্না ঘরে তেহরী গরম করা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও কিলঘুষির ঘটনা ঘটে। এক পর্যায়ে রিয়াজ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রিয়াজকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত রিয়াজ উপজেলার শিক্ষাগ্রামের সফু মাঝির ছেলে। অভিযুক্ত আবির কোলাকোপা গ্রামের আবদুল হাইয়ের ছেলে। হোটেল মালিক আবদুজ জাহের পলাতক রয়েছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই হোটেলের দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোটেল কর্মচারী আবিরের কিলঘুষির আঘাতে রিয়াজ অচেতন হয়ে পড়ে। অভিযুক্ত আবিরকে আটক করা হয়েছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে আনা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই