ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না

ইত্তেফাক রিপোর্ট

ভ্যাট নিবন্ধন না নিয়ে কোনো ব্যবসাই করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, নিবন্ধনের পর কার কত ভ্যাট হবে, তা এনবিআর ঠিক করে দেবে। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে সেবা খাতের হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউজ, কাগজ, মুদ্রণ ও প্রকাশনা, চলচ্চিত্র, বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা তাদের আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট নিবন্ধন নিশ্চিত করতে একটি পদ্ধতি ঠিক করে দেব। নিবন্ধনের পর কার কত ভ্যাট হবে, সেটি নির্ধারণ করে দেওয়া হবে। সেভাবেই ভ্যাট দিতে হবে। আগামী জুলাই থেকে নতুন  ভ্যাট আইনটি কার্যকর হওয়ার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, যারা রেয়াত নিতে পারবেন, তাদের ভ্যাট হবে ১৫ শতাংশ। যারা রেয়াত নিতে পারবেন না, তাদের ভ্যাটের হার হবে এর চাইতে কম।

আগামী বাজেটে শুল্ক ব্যবস্থায় বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, রাজস্ব আদায় ও শিল্পায়ন - দুইদিকেই মনোযোগ থাকবে। তবে দীর্ঘদিন ধরে সুরক্ষা দেওয়া সত্ত্বেও যেসব খাত দাঁড়াতে পারেনি, তাদের বিশেষ সুরক্ষার বিষয়টি ধীরে ধীরে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।