বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২১তম ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লার পাকিস্তানী ডান-হাতি পেসার হাসান আলীকেও। কারণ প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউটের পর ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন হাসান। যা অনফিল্ড আম্পায়ারের কাছে আপত্তিকর মনে হয়েছে। ফলে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হবে হাসানকে। গতকালই প্রথম বিপিএল আসরে ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন হাসান।
শুধু তাই নয় একই ম্যাচে আম্পায়ারের সিদ্বান্তে আপত্তিকর প্রতিক্রিয়া দেখানোয় জরিমানার কবলে পড়লেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে।
জানাযায়, ঢাকার ব্যাটিং ইনিংসে মোসাদ্দেককে আউট করে ড্রেসিংরুমের পথ দেখিয়ে জরিমানার কবলে পড়লেন হাসান। তবে কোন ডিমেরিট পয়েন্ট পাননি তিনি। ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়ে কুমিল্লাকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দিয়েছেন ওয়ানডে র্যাংকিং-এ শীর্ষে থাকা হাসান।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে লেগ বিফোর আবেদন করেন সাকিব। আম্পায়ার র্যানমোর মার্টিনেজ তাতে সাড়া দেননি। এরপরই আম্পায়ারকে উদ্দেশ্য করে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান সাকিব।
সাকিবের এমন আচরণ নিয়ম-ভঙ্গের মধ্যেই পড়ে। তাই ম্যাচ শেষে জরিমানা করার পাশাপাশি সাকিবকে ৩টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। আর ১টি পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে সাকিবকে।
ইত্তেফাক/রেজা