আওয়ামী লীগ নেতার হামলায় বাবা ছেলে আহত

 
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি হাটের জায়গা দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 
 
পুলিশ জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের রাজেন্দ্রমোহন সাহার ছেলে জীবন কুমার মথুরাপুর বাজারের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি প্রায় ৩৭বছর ধরে মথুরাপুর হাটের সরকারি জায়গায় দোকানঘর তুলে ব্যবসা করেন। বর্তমানে ওই দোকান ঘরটি সংস্কার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। 
 
মঙ্গলবার সকালের দিকে জীবন কুমারের ওই ঘর অপসারণ করে সেখানে মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ধেরুয়াহাটি গ্রামের বেলাল হোসেন ও তার লোকজন নতুন করে দোকানঘর উত্তোলনের চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী জীবন কুমার তাদের বাধা দেন। 
 
এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন ও তার লোকজনের হামলায় জীবন কুমার (৫২) ও তার ছেলে শোভন কুমার (২২) আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় জীবন কুমার বাদী হয়ে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 
 
আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন বলেন, হাটের সরকারি জায়গার পাশে আমার নিজস্ব সম্পতি রয়েছে। আমার সম্পতির সামনে সরকারি জায়গা আমার ভোগদখল করার কথা। কিন্ত সেখানে জীবন কুমার দোকানঘর তুলে দখল নিয়েছে। আমি তার ঘর সরে দিয়ে সেখানে নিজের একটি ঘর উত্তোলন করতে গেলে জীবন কুমারের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কে বা কার আঘাতে জীবন কুমার আহত হয়েছে তা আমার জানা নেই।
 
ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, হাটের সরকারি জায়গার দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি