বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

 
শরণখোলায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু এবং আহত হয়েছেন দুইজন। নিহত শ্রমিকের নাম হালিম খান (৪৫)। আহতরা হলেন- বিশ্বজিত মজুমদার (৪০), ও রুবেল হাওলাদার (২৫)।
 
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাজৈর গ্রামের ব্র্যাক অফিসের সামনে বিদ্যুতের খুঁটিবাহী ঠেলাগাড়ি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিকরা ঠেঁলাগাড়ি ও নসিমনে করে আরসিসি বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। 
 
এসময় ঠেলাগাড়ি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। ৩ শ্রমিক গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই হালিম খান মারা যান। নিহত শ্রমিক উপজেলার পশ্চিম খোন্তাকাটা চাড়ারপাড় গ্রামের মৃত. মতিয়ার খানের ছেলে।
 
শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম জানান, লাশ শরণখোলা হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি