কুষ্টিয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রাইভেট ক্লিনিককে চৌদ্দ লাখ টাকা জরিমানা ও ভুয়া দুই টেকনিশিয়ানকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে একটানা বিকাল পর্যন্ত শহরের বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে ডিসি কোর্টের সামনে অবস্থিত একতা ডায়াগনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা ও এক ভুয়া টেকনিশিয়ানকে আটক করা হয়। এরপর সাদ্দাম বাজার গলিতে নিউ কেয়ার ডায়গনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা, পেয়ারাতলার নিউ সান প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিককে ৪ লাখ টাকা জরিমানা ও ভুয়া টেকনিশিয়ান রনি আহম্মেদকে আটক করা হয়। এছাড়া বেসরকারি অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরো এক লাখ টাকা জরিমানাসহ মোট ১৪ লাখ জরিমানা আদায় করা হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান, বেসরকারি ক্লিনিক পরিচালনার লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ক্লিনিক মালিকরা স্বাস্থ্য সেবাখাতকে কুলষিত করছে। লাইসেন্সের শর্ত ভঙ্গসহ ক্লিনিকগুলিতে গুরুতর অনিয়ম-অব্যবস্থাপনাসহ ভোক্তা অধিকার আইনে জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান।
অভিযানকালে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কমান্ডিং অফিসার মেজর রবিউল ইসলাম, সিভিল সার্ভিস অফিসের মেডিকেল অফিসার শারমিন আলীসহ আইন-শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি