কাঠালিয়ার খালে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাশ্রমে একটি খালের বাঁধ নির্মাণ করছেন দশ গ্রামের  লোক মিলে। ২০ ফুট প্রস্থ এবং ২০/২৫ ফুট গভীরতার এ খালের বাঁধ নির্মাণ কাজে ১২০ শ্রমিক অংশ নেয় এবং দুইটি ভেকু মেশিন ও দুইটি ট্রাক ব্যবহূত হয়। এতে ব্যয় হয়েছে দুই লাখ টাকা।

ভুক্তভোগী কৃষকরা জানান, শৌলজালিয়া ইউনিয়নের দশটি গ্রামের শতশত একর আবাদী ফসলী জমি এ ডালির খালের আমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় বহু বছর ধরে তারা পাকা আমন ক্ষেত ও রবি শস্যের ব্যাপক ক্ষতির শিকার হয়ে আসছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. নাজির হোসেন জানান, এ খালের কারণে প্রতি বছর শতশত একর জমির ফসল নষ্ট হয়। যে কারণে কয়েক গ্রামের মানুষ একত্রিত হয়ে সেচ্ছাশ্রমের বিনিময়ে এ বাঁধ নির্মাণ করেছি।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মাহামুদ হোসেন রিপন বলেন, পানি উন্নয়ন বোর্ডের বিষখালী ফোল্ডার-৫-এর আওতায় বেড়ীবাঁধ নির্মাণ করা হলেও স্লুইচ গেইট (ক্লোজান) প্রস্তাব থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর কয়েকটি গ্রামের কৃষি জমির উত্পাদন ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের বিশেষ ব্যবস্থায় এ বাঁধ নির্মাণ করা হলো।

ইত্তেফাক/নূহু