ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদির বায়োপিকের মুক্তি নয়, নিষিদ্ধ ঘোষণা করলো কমিশন। কমিশনের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, পুরো ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ছবি চালানো যাবে না।
সুপ্রিম কোর্ট কোনোরকম সিদ্ধান্ত নিতে অস্বীকার করেছিল বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এই বলে। কিন্তু নির্বাচন কমিশনের কোপ এড়াতে পারলো না মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’। লোকসভা ভোট শেষ হওয়ার আগে ওই ছবির মুক্তি নয়, সাফ জানিয়ে দিলো নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবারই ছবির মুক্তি নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিলো, এই ছবি মুক্তি পেলে রাজনৈতিক ‘পরিবেশ’ নষ্ট হতে পারে। -খবর আনন্দবাজার পত্রিকার
‘পিএম নরেন্দ্র মোদির মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারী কংগ্রেস কর্মী আমন পানওয়ারের যুক্তি ছিল, এই ছবি মুক্তি পেলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। কিন্তু সেন্সর বোর্ড এখনো ছবিকে ছাড়পত্র দেয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ তাই জানিয়েছিল, এখনই এই ছবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমনকি, গুরুত্বহীন বিষয়ে শীর্ষ আদালতের ‘অনেক সময় নষ্ট হয়েছে’ বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
তারপর গতকাল বুধবার ছবির মুক্তি আটকে দিলো নির্বাচন কমিশন। কমিশনের কর্তারা জানিয়ে দিয়েছেন, পুরো ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ছবি চালানো যাবে না।