তপন কুমার দাস, বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার-বর্ণি সড়কে পাম্প মেশিন ব্যবহার করে জলাবদ্ধতা দূর করার কথা জানা গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল ব্যাহত হয়। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। নিরূপায় হয়ে স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে মেশিন লাগিয়ে গর্তের পানি নিষ্কাশন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় বাজারের পশ্চিম এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাতে সড়কটির গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সাড়া না পাওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নিজেদের টাকায় শ্যালো মেশিন লাগিয়ে সড়কের জলাবদ্ধতা দূর করে। পরে সড়কের পানি নিষ্কাশনের এই দৃশ্যটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুত্ ভূষণ পাল বুধবার বিকেলে বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি সড়কের বাম পাশে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বন্ধ হয়। এতে সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতা হয়। সড়কটি সংস্কারের জন্য স্কিম প্রেরণ করা হয়েছে। আগামী মাসে কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা আছে। দুই-তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।’ বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ বুধবার বিকেলে বলেন, ‘সড়কটি এলজিইডির। সংস্কার না হওয়ায় এখানে গর্ত হয়। গর্তে বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা মিলে আপাতত জলাবদ্ধতা দূর করা হয়েছে।’