৫ মাস পর স্কুলছাত্রকে ফিরে পেল বাবা-মা

 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৫ মাস পর স্কুলছাত্র রিয়াদুল গাজীকে ফিরে পেয়েছে তার বাবা-মা। বুধবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে রিয়াদুলকে নিয়ে আসা হয়। 
 
পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদুল বাবা-মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় বসবাস করত। জুন মাসে স্থানীয় নাভানা মাঠে খেলতে গিয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার বাবা জামাল গাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। 
 
রিয়াদুলের মা রিনা বেগম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে ছেলেকে খুঁজতে থাকি। কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ি। মঙ্গলবার রাতে মাওয়া ঘাট থেকে এক লঞ্চের মালিক ফোন করে জানান- রিয়াদুল তাদের কাছে আছে। রাতেই ছেলেকে আনার জন্য মাওয়ার উদ্দেশে রওনা দেই। বুধবার সকালে লঞ্চের মালিক রিয়াদুলকে আমার হাতে তুলে দেন।’ 
 
লঞ্চের মালিক তাদের জানান, ১৮ দিন আগে তাকে লঞ্চে ঘুরাঘুরি করতে দেখি। তখন সে তাদের বাড়ি নারায়ণগঞ্জে জানায়। কিন্তু সে কারও মোবাইল নম্বর মনে করতে পারেনি। এখানে সে কিভাবে এলো তাও জানাতে পারেনি। এই ১৮ দিন রিয়াদুল তাদের লঞ্চেই ছিল।
 
 
ইত্তেফাক/এমএ