ডেমরায় শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ধর্ষণে অভিযুক্ত সবুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শিশুটির বাবা হাসপাতালে জানান, সারুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। তার মেয়ে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বুধবার সকালে প্রতিবেশি সবুর মিয়া তাকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। সে বাসায় ফিরে স্বজনদের বিষয়টি জানালে ডেমরা থানায় মামলা করা হয়। এরপর চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
 
ডেমরা থানার ওসি কাউসার আহমেদ জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই