নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী ৩৪ দিন আগে অপহৃত হয়েছিল। তাকে পাশ্ববর্তী মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মদন ইউনিয়নের কুলিয়াটি গ্রামের সৈকত হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর ঐ ছাত্রীটিকে বাড়ির সামনে থেকে অপহরণকারীরা জোরপূর্বক তুলে নিয়ে গোপন স্থানে আটকে রাখে। মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আদালতে ঐ মেয়ের পিতা নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। মামলায় সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামের কাঞ্চন মিয়ার পুত্র সাখাওয়াত হোসেন ও কুলিয়াটি গ্রামের মতিউর রহমানের পুত্র সৈকত হোসেনকে আসামী করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামী সৈকত হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু