রাজাপুরে পুলিশি হয়রানি ও অর্ধশতাধিক জেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে অর্ধশতাধিক জেলের বিরুদ্ধে নৌ-পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, চাঁদা আদায়, ঘুষ গ্রহণ, জেলে নির্যাতন, ইলিশলুটে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শতাধিক জেলে পরিবারের তিন শতাধিক সদস্য।

 

বুধবার সকালে বড়ইয়া ইউনিয়নের পালট কাচারিবাড়ি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়ইয়া জেলে সমিতির সভাপতি জহিরুল হক খলিফা, যুবলীগ নেতা খায়রুল আলম মতিন, পুলিশের নির্যাতনের শিকার নুরি বেগম, হেলেনা বেগম, হেনা বেগম, জাহানারা বেগম ও মমতাজ বেগম প্রমুখ।

 

বক্তারা অভিযোগে বলেন, বাখেরগঞ্জের নিয়ামতির নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যরা বিভিন্নভাবে ঘুষ গ্রহণ ও দাবি করে আসছে। তাদের দাবি পূরণ না হলেই জেলেদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হয়। অর্ধশত জেলের নামে মামলা হওয়ায় প্রতিরাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে জেলে পরিবারকে হয়রানি করছে। পুলিশি হয়রানিতে তারা বাড়িছাড়া।

 

এমন পরিস্থিতিতে ঋণের বোঝা মাথায় নিয়ে নারী, শিশু ও বৃদ্ধরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। প্রশাসনের ঊর্ধ্বতনের কাছে পুলিশ হয়রানি, ঘুষবাণিজ্য বন্ধ ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা।

ইত্তেফাক/নূহু