হারিয়ে যাচ্ছে চিরচেনা সেই গরু-লাঙলের চাষ

 
বিজ্ঞান ক্রমাগত এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী চিরচেনা সেই গরু-লাঙল দিয়ে জমি চাষ।
 
গ্রাম-বাংলার অন্য জায়গার মতো পাবনার সুজানগরে উপজেলায়ও এক সময় গরু-লাঙলে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়তো। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেতো শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙ্গল কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেধে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু-লাঙ্গল ছাড়া জমি চাষ করার কথা চিন্তাই করা যেতো না। অথচ গরু-লাঙ্গলের সাথে কৃষকের সেই মিতালীর দৃশ্য এখন বিরল।
 
যুগের পরিবর্তন আর বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরু-লাঙলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। এখন আর কৃষক কাক ডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যায় না। কৃষক এখন তার সুবিধামত দিনের যে কোন সময়  ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করছে। উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ কৃষকের বাড়িতে রয়েছে দ্রুত জমি চাষযোগ্য উন্নত সময়  ট্রাক্টর ও পাওয়ার টিলার।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, উপজেলার বড় বড় কৃষকরা তাদের জমি চাষ করতে ট্রাক্টর এবং প্রান্তিক কৃষকরা পাওয়ার টিলার কিনে নিয়েছে। বিশেষ করে পরিশ্রম এবং সময় কমের কারণে কৃষকরা গরু-লাঙল দিয়ে জমি চাষ করার পরিবর্তে ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করছে বলে তিনি জানান। তবে ওই উপজেলার কৃষকরা দাবী করে বলেন, 'ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে সত্য। কিন্তু ফসলের গুণগতমান এবং স্বাদ কমে গেছে। তাছাড়া জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে।'
 
ইত্তেফাক/জামান