কক্সবাজার প্রতিনিধি
শিক্ষকদের হুমকি ও বিদ্যালয়ে তালা ঝুলানোর অভিযোগে স্কুল পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদণ্ডী সাগরমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নুরুচ্ছবিসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৬ এপ্রিল রাতে দায়ের করা অভিযোগে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারিসহ ৮ জনকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে নোটিশও দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরদিন থেকে প্রধান শিক্ষকসহ অন্যরা ভয়ে স্কুলে আসছে না। এতে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে মো. নুরুচ্ছবিহ’র মুঠোফোনে কয়েকবার কল করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।