অনুশীলনে মোস্তাফিজ, আগামী ম্যাচেই মাঠে নামার আশা

ইনজুরি আক্রান্ত হয়ে এখনো বিপিএলে নামা হয়নি কাটার মাস্টার খ্যাত টাইগার পেসার মোস্তাফিজের! দক্ষিণ আফ্রিকা সফরের গোড়ালির ইনজুরিতে পরে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ফলে অনিশ্চিত হয়ে পরে বিপিএলের সিলেট ও ঢাকা পর্ব। তবে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাজশাহী দলের সাথে অনুশীলন করতে দেখা যায় মোস্তাফিজকে।

নেটে ৫ ওভার বোলিং করেছেন মোস্তাফিজ। অবশ্য বোলিং করার আগে রাজশাহীর ফিজিও বায়েজীদ ইসলাম পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন, যাতে পায়ে খুব একটা চাপ না লাগে তার।
 
অনুশীলন শেষে মোস্তাফিজ নিজেই উপস্থিত সংবাদ মাধ্যমকে ফিটনেসের বিষয়টি নিশ্চিত করেছেন। মাঠ থেকে বেড়িয়ে যাবার এসে হাসিমুখে বললেন, 'কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক। সামনের ম্যাচেই থাকব আশা করি। ৫ ওভারের মতো পুরো ছন্দে বোলিং করছি।'
 
মোস্তাফিজের এমন নির্ভার বাণীতেই বোঝা যাচ্ছে, আগামী ২৫ তারিখ কুমিল্লার বিপক্ষের ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন এই কাটার মাস্টার। এখনও বাকিটা নির্ভর করছে তার দল ও ইনজুরির শেষ অবস্থার উপর।
 
এদিকে রাজশাহীর ফিজিও বায়োজীদ ইসলাম সরাসরি কিছু না বললেও, টিম ম্যানেজম্যান্টের উপর মোস্তাফিজের ফেরার বিষয়টি ছেড়ে দেন। তিনি বলেন, 'আমরা ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ করেছি। আজকে নিয়ে চার সেশন ধরে মোস্তাফিজ কোনও অভিযোগ ছাড়াই পূর্ণ গতিতে বল করছে। রানিং ও ফিল্ডিংসহ সব পুরোপুরি করেছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ নেই। দেখা যাক, বাকিটা এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।'
 
ইত্তেফাক/রেজা