কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য

 
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা ও বিস্ফোরক মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আগামী বছরের ২৩ ও ২৪ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
 
জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইনের আদালতে বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তায় অভিযুক্ত আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী (২৫) ও গোলাম রব্বানীকে (২২) শুনানির জন্য হাজির করা হয়।
 
বিজ্ঞ বিচারক আসামি পক্ষ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ গঠন করেন এবং আগামী ২০১৮ইং সালের ২৩ ও ২৪ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
 
এরঅাগে আসামিদের পক্ষে আইনজীবী না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড কমিটির নিযুক্ত আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির ও অ্যাড. সফিকুল ইসলাম মামলা পরিচালনা করেন।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায় প্রাত:ভ্রমণের সময় নিজ বাড়ির সামনে মুক্তিযোদ্ধা হোসেন আলীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এবং ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের ছেলে রাহুল আমিন আজাদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/আরকেজি