জয়ের পথ তৈরি করেও শেষপর্যন্ত কোলকাতা টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি স্বাগতিক ভারত। তবে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ম্যাচেও লড়াই করতে মুখিয়ে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তাই এমন লক্ষ্য নিয়ে নাগপুর টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
কোলকাতা টেস্টের প্রথম তিনদিন দাপট দেখায় শ্রীলঙ্কা ও বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম দু’দিন খেলা হয় যথাক্রমে ৭১ ও ১২৬ বল। এই দু’দিন ভারতের উপর আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার বোলাররা। আর তৃতীয় দিন ভারতকে ১৭২ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ৪ উইকেটে ১৬৫ রান তুলে নেয় লংকানরা। শেষ পর্যন্ত চতুর্থ দিন মধাহৃ-বিরতির কিছুক্ষণ পর ২৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ১২২ রানের লিড পায় সফরকারীরা।
তবে দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাড়ায় ভারত। কোহলির অপরাজিত ১০৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষনা করে টিম ইন্ডিয়া। তাই পঞ্চম ও শেষ দিনে ৪০ ওভারে ম্যাচ জয়ের জন্য ২৩১ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই টার্গেটে খেলতে নেমে মহাবিপদে পড়ে শ্রীলংকা। ভারতীয় পেসারদের তোপে ৭৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথ দেখে ফেলে তারা। কিন্তু ২৭তম ওভারে আলো স্বল্পতার কারনে দিনের খেলা শেষ করে ম্যাচটি ড্র ঘোষনা করেন অনফিল্ড আম্পায়াররা। তাই জয়ের খুব কাছে গিয়ে ড্র’তে সন্তুষ্ট থাকতে হলে ভারতকে।
কোলকাতা টেস্টে জয় হাতছাড়া হলেও, নাগপুর টেস্ট জয়ের জন্য মুখিয়ে আছেন ভারতের অধিনায়ক কোহলি, ‘ভাগ্য খারাপ থাকায় কোলকাতায় জিততে পারিনি। তবে নাগপুরে সব ঠিক-ঠাক থাকলে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করবো এবং জয়ের স্বাদ নিতেই মাঠে নামবো। প্রথম ইনিংস আমরা ভালো করতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে তা পুষিয়ে নিয়েছি। নাগপুরে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যানদের বড় বড় ইনিংস খেলতে হবে। বোলাররা দারুন পারফর্ম করেছে।’
কোলকাতার মত নাগপুরেও লড়াই করার কথা বললেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তিনি বলেন, ‘কোলকাতা টেস্টের শেষ সেশনটাই আমরা খারাপ করেছি। নয়তো পুরো টেস্টে আমরা ভালো পারফর্ম করেছি। এমন পারফরমেন্স দ্বিতীয় টেস্টেও করতে চাই। ভালো পারফরমেন্স করতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে। ভালো খেলার জন্যই মাঠে নামবে দল। প্রথম টেস্টের মত নাগপুর পিচ থেকে পেসাররা সুবিধা পাবে না বলে আমার মনে হয়। তাই বোলিং নিয়ে আমাদের অন্য পরিকল্পনা কষতে হবে।’ বাসস।
ইত্তেফাক/রেজা