আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, আর যিনি বাংলাদেশকে এ অনন্য উচ্চতায় পৌঁছিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় সংঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।
ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হচ্ছে। আর খালেদা জিয়ার গণতন্ত্র হচ্ছে, লুটপাট ও যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয়া। শেখ হাসিনা মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে, তা বাস্ততে পরিণত করেন, আর খালেদা জিয়া গণতন্ত্রের নামে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেন।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্উদ্দিন টিপুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল. লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যা (আল-মামুন) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি