৩০ মিনিট পর প্রশ্ন পেল ১৬ শিক্ষার্থী

 
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বদরগঞ্জের গোপালপুর শেখেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১৬জন হিন্দু শিক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর প্রশ্নপত্র পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ওই কেন্দ্র গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায়, ইসলাম ও হিন্দু ধর্মের পরীক্ষা চলছিল। হিন্দু ধর্মের প্রশ্নপত্র সংকট থাকায় সেখানে দুজন করে হিন্দু পরীক্ষার্থীকে এক সঙ্গে বসে একটি প্রশ্নপত্র দিয়েছেন কক্ষ পরিদর্শক। 
 
পরীক্ষার্থী কৃষ্ণা রানী (১১) ও দশমী রানী (১১) অভিযোগ করে, একটি প্রশ্ন দেখে দুইজনের উত্তর লেখায় খুব সমস্যা হয়েছে।   
 
জানা গেছে, ওই কেন্দ্রে মোট ৫৩৭জন পরীক্ষার্থীর এরমধ্যে অনুপস্থিত ৫২জন। হিন্দু পরীক্ষার্থী ৯৪জনের মধ্যে অনুপস্থিত ৩জন। পরীক্ষা দিচ্ছে ৯১জন।    
 
প্রশ্নপত্র সংকটের অভিযোগ স্বীকার করে ওই কেন্দ্রের সচিব ও গোপালপুর শেখেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে প্রশ্নপত্র খুলে দেখি ১৬জন হিন্দু পরীক্ষার্থীর প্রশ্নপত্র কম। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে অবগত করি। তিনি বিভিন্ন কেন্দ্র থেকে ম্যানেজ করে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পরে এক শিক্ষককে দিয়ে প্রশ্ন পাঠিয়ে দেন। 
 
সঠিক সময়ে প্রশ্নপত্র না পাওয়ায় ১৬ শিক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হয়েছে কি না-জানতে চাইলে মাহমুদা বলেন, একটুতো সমস্যা হবেই। কিন্তু ওই মুহুর্তে করার কিছুই ছিল না।’
 
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘একটি খামের ভেতরে ২৫টি করে প্রশ্ন থাকে। কিন্তু ওই কেন্দ্রে একটি খামে ছিল ১০টি প্রশ্ন। এ কারণে সেখানে প্রশ্ন সংকট দেখা দিয়েছিল। কিন্তু বিষয়টি তাৎক্ষণিক জানার পর প্রশ্নপত্র সংগ্রহ করে সেখানে পাঠিয়ে দেই।’ এতে কোন পরীক্ষার্থীর সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।
 
ইত্তেফাক/আরকেজি