গৌরনদীতে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ!

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীর সাকোকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খালের মধ্যে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। গত তিন সপ্তাহ আগে ওই খালের অবৈধ স্থাপনা ভেঙে দেন গৌরনদী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরেও থেমে নেই দখল প্রক্রিয়া। একই স্থানে পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মার্চ মাসের প্রথমদিকে উপজেলার সাকোকাঠি মিশুক স্ট্যান্ড সংলগ্ন সরকারি খালের জমি দখল করে অবৈধভাবে পাকা ইমারত তৈরির কাজ শুরু করছিলেন প্রভাবশালী এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের নির্দেশে গত ১৪ মার্চ উপজেলা ভূমি অফিস ওই স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। একই সঙ্গে তাকে সরকারি খালের মধ্যে ভবন নির্মাণ না করার নির্দেশ প্রদান করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে গত কয়েকদিন ধরে একইস্থানে পুনরায় পাকা ভবন তৈরির কাজ শুরু করেছেন ওই ব্যক্তি।

এ প্রসঙ্গে গৌরনদীর নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, অতিশিগগির অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।