রাজশাহী আইএইচটির হোস্টেল বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ছাত্রলীগের বিবদমান দুইপক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসের শিক্ষার্থীদের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে আইএইচটি একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মঙ্গলবার রাতেই ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালেই শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেছেন। অন্যদিকে রাতেই আইএইচটি অধ্যক্ষ ডা. ফারহানা হকের স্বাক্ষরিত ক্যাম্পাসের হোস্টেল বন্ধের নোটিসে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

অধ্যক্ষ ডা. ফারহানা হক বলেন, ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়। একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাস পরিস্থিতির আরো অবনতি এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, কঙ্কাল বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরের পর থেকে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত সংঘর্ষের জের ধরে সন্ধ্যার পর ক্যাম্পাসে বিবদমান দুইপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহবান করা হয়। সভায় ক্যাম্পাসে অবস্থিত শিক্ষার্থীদের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস জারি করা হয়।