থেমে নেই কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন

একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও বন্ধ হয়নি কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ খনন প্রকল্প ভেস্তে যেতে বসেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন করে চলেছে প্রভাবশালী মহল। ফলে অদূর ভবিষ্যতে বিস্তীর্ণ এলাকা ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা।

 

সম্প্রতি তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের লাল চন্দ্রপুর গ্রামের মৃত মাহাতাবউদ্দীনের ছেলে নূরুল ইসলাম শেখ কপোতাক্ষ নদের বুকে  মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি একাধিকবার অবহিত করা হলেও অজ্ঞাত কারণে তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

 

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস বলেন, সরুলিয়া ইউনিয়নের তহশিলদার তারক চন্দ্র মন্ডলকে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বালু উত্তোলন এখনো বন্ধ না হওয়ার বিষয়ে তিনি আবারো পদক্ষেপ নেবেন বলে জানান।

 

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন জানান, বালু উত্তোলনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

ইত্তেফাক/নূহু