সরিষাবাড়ীতে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে অজুফা খাতুন নামে এক নারী মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে অজুফা খাতুন তার ছয় বছরের মেয়েকে নিয়ে ইজিবাইকে করে সরিষাবাড়ী-জামালপুর সড়কে ধোপাদহ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ইজিবাইকটি ভাটারা এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। ওই সময় ঝড়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে ইজিবাইকের ওপর পড়ে। এতে অজুফা খাতুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক কাজী রফিক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অজুফা খাতুন ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।