‌'পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নগর ও গ্রাম ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রয়োজন'

 
পানির সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে টেকশই উন্নয়ন ব্যাহত হবে। আন্ত:পানি বণ্টন ও হ্রাস নিয়ে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আলোচনার আবশ্যকতা রয়েছে। পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নগর ও গ্রাম ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। 
 
বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল এসোসিয়েশনের (বিএনজিএ) ১৫তম কনফারেন্সের  এসব কথা বলেন বক্তারা। তারা আরো বলেন, অনেক শিল্প প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়ায় পানি শোধন না করে ড্রেনে ছেড়ে দিচ্ছে। এর মাধ্যমে ভালো পানির স্তর নষ্ট হচ্ছে। শিল্প উন্নয়নের নামে পানি দুষণের এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
 
কনফারেন্সের প্রধান বক্তার বক্তব্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন বসু বলেন, টেকশই উন্নয়নের জন্য পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। পানি কম বা বেশি দুটিতেই সমস্যা থাকে। পানি কম থাকলে খরা আবার বেশি হলে বন্যার সৃষ্টি হয়। পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নগর ও গ্রাম ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনায় পানির চাহিদা নির্ণয় করে সে অনুযায়ী পানি সরবরাহ করতে হবে। পানি অব্যাহতভাবে উত্তোলনের ফলে পানির স্তর নেমে যাচ্ছে। 
 
এর প্রতিকারের জন্য ভূ-উপরিভাগের পানি শোধন করে বহুবিধ ব্যবহার করা যেতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কনফারেন্স বক্তব্য রাখেন জাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি