মাদকাসক্ত হয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগে মোঃ হানিফ (৩৭) নামে এক যুবক কে থানায় অভিযোগ দিয়ে জেলহাজতে পাঠিয়েছে স্ত্রী। অভিযুক্ত যুবক মোঃ হানিফ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। হানিফ-লাকী দম্পত্তির দুটি পুত্র সন্তান রয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূ লাকী বেগম (২৫) বাদী হয়ে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার।
লাকী বেগম জানান, বিয়ের পর থেকেই ইয়াবা সেবন করে যৌতুকের দাবিতে আমার উপর অমানুষিক নির্যাতন করেছে সে । তার বন্ধুবান্ধব নিয়ে আমার সামনে ইয়াবা সেবন করেছে, দুটি নিষ্পাপ শিশুর কথা ভেবে মুখ বুঝে অনেক নির্যাতন সহ্য করেছি এখন আর সহ্য করতে পারি না। হানিফের নির্যাতন এতটা ভয়ঙ্কর হয়েছে তার সাথে সংসার করা সম্ভব না। সে পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়েছে। তার কাছে আমার জীবনের কোন নিরাপত্তা নেই।
লাকীর ভাই এরশাদ মিয়া বলেন, দুটি মাছুম বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরাও চেষ্টা করেছি সংসারটি টিকিয়ে রাখতে। কিন্তু মাদকাসক্ত হানিফের যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। আমার বোন নির্যাতনের মূখে বার বার বাপের বাড়িতে ফেরত এসেছে। এলাকার সরদার মাতব্বরদের মাধ্যমে একাধিক বার বিচার সালিশি করেও কোন সমাধান পায়নি সে।
ইত্তেফাক/ রেজা