দর্শনায় দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, চালকসহ আহত ৩

 
চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
দর্শনা স্টেশন সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিলো। ট্রেনটি শনিবার ভোর ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান। দুর্ঘটনার পর পরই খুলনার সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
 
তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলো। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা বলে দাবি তার।
 
দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দুর্ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/জামান