কয়েক জনমেও একজন বারী সিদ্দিকীর জন্ম হবে না: আইয়ুব বাচ্চু

 
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী। আধ্যাত্মিক ও লোকগানের এই প্রথিতযশা শিল্পী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত সোয়া দুটার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 
তার এই প্রয়াণে শিল্পীদের মাঝে শোকের আবহ। অনেকে বলছেন বারী সিদ্দিকীর চলে যাওয়া বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে অপূরিনীয় ক্ষতি। কথা বললেন আইয়ুব বাচ্চু। 
 
তিনি বলেন, বারী চলে গেছেন, সম্পদ হারানোর মিছিলে বাংলাদেশ বিশাল এক সম্পদকে হারালো। বারী ভাইয়ের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হলো তা আর কোনোকিছু দিয়েই পূরণ হওয়ার নয়। তার বাঁশি, তার কণ্ঠ দুই মিলিয়েই তিনি নিজেকে বারী সিদ্দিকী হিসেবে গড়ে তুলেছিলেন। কয়েক জনমেও আর এই দেশে একজন বারী সিদ্দিকীর জন্ম হবে না। মরণোত্তর সম্মাননাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি আজ জোরালো কণ্ঠেই বলতে চাই, সত্যিকার অর্থের যারা শিল্পী তাদের যেন যথাযথভাবে রাষ্ট্রের পক্ষ থেকে জীবদ্দশাতেই সম্মান দেওয়া হয়, পুরস্কৃত করা হয়। মৃত্যুর পর তাকে সম্মান দেখিয়ে কোনো লাভ নেই। 
 
তিনি আরো বলেন, যে কাজের জন্য তিনি সম্মান পাচ্ছেন সেই সম্মান পেয়ে তিনি নিজে যেন আনন্দ করে যেতে পারেন। একজন সুধীন দাস, ফিরোজা বেগম, আব্দুল জব্বার, আজম খান, নিলয় দাস কিংবা বারী সিদ্দিকী এই দেশে আর জন্ম নেবে না। তাই এমন নিবেদিত এবং মহান শিল্পীদের জীবদ্দশায় সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হোক। বারী ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। 
 
ইত্তেফাক/আনিসুর