আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি)-কে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন, ‘নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যেভাবে সরকার ইসিকে সহায়তা করেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও সেভাবে সহায়তা দেয়া হবে।’
কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচত করবে। সরকার কোনো নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
ওবায়দুল কাদের শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ওর্য়াল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি ‘ ৭ মার্চ : আলোকের ঝর্ণাধারা ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. কাজী খলিকুজ্জামান, অধ্যাপক ড. কবি আব্দুস সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিশ ও ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস খলদুন।
সেমিনারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবার সততা, যোগ্যতা ও মেধার দিক থেকে বিশ্বের কাছে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বীকৃত সত্, দক্ষ ও যোগ্য রাজনীতিবিদ।
ইত্তেফাক/এএম।