৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ঈশ্বরদীতে আনন্দ শোভাযাত্রা

 
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নেতৃত্বে হাতী, ঘোড়া ও বাদ্যযন্ত্র নিয়ে শনিবার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 
আওয়ামী লীগের আয়োজনে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য শনিবার সকাল হতেই আলহাজ্ব মোড়ের বিজয় স্তম্ভের পাদদেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড হতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেত হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ হতে পৃথকভাবে বের হওয়া শোভাযাত্রা এখানে এসে মিলিত হলে আলহাজ্ব মোড় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।
 
এসময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। ঐতিহাসিক এ ভাষণ এর মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে ওঠেছে। এই ভাষণই বাংলার আপামর জনতাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রেরণা যুগিয়েছিল। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।'
 
উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল। আলহাজ্ব মোড় হতে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রার সম্মুখভাগে ২টি হাতী ও ৬টি ঘোড়া শোভাযাত্রার শ্রী বৃদ্ধি করে। শোভাযাত্রাটি পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এবং এখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
 
ইত্তেফাক/জামান