স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনায় সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বাংলাদেশের বিশ্বকাপ দলটা প্রায় চূড়ান্ত। কয়েকটি জায়গা নিয়ে এখনও চলছে লড়াই। প্রাথমিকভাবে নির্বাচকদের দলে কিছুটা রদবদল আসতে পারে। গত রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে মিটিংয়ের পর নির্বাচকরাও দল চূড়ান্ত করার ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করছেন।
আগামী ১৮ এপ্রিলই দল ঘোষণার কথা ছিল। তবে ওইদিন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলটাই ঘোষণা হতে পারে। আর বিশ্বকাপের দলটা আরও ২-১ দিন পিছিয়ে যেতে পারে। আবার সবকিছু ঠিক হলে দুটি দলই একসঙ্গে ঘোষণার সম্ভাবনাও রয়েছে। তবে গতকাল আভাস মিলেছে বিশ্বকাপ দলটা ঘোষণা হতে পারে ১৮ এপ্রিলের পর। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই বলেছেন।
দল চূড়ান্ত করার আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দুটি রাউন্ডও দেখতে চান নির্বাচকরা। ওই দুই ম্যাচেও পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন ক্রিকেটাররা। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সুপার লিগে দুটি ম্যাচ দেখার পরই ঠিক হবে দল।
গতকাল বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘অবশ্যই আমরা ২২ এপ্রিলের আগে বিশ্বকাপ দল ঘোষণা করবো। আমরা কিছু প্লেয়ারের ফর্ম নিয়ে চিন্তিত। ২-১ জন প্লেয়ারের পারফরম্যান্স আমাদের দেখতে হবে। আমাদের ঘরোয়া লিগ চলছে। আমরা দল ঘোষণা করবো সুপার লিগের দুই রাউন্ড দেখার পর। হয়তো আমরা দল ঘোষণা করবো ১৯ এপ্রিল।’
সুপার লিগের দুই রাউন্ড দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক। গতকাল মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘অনেক খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হচ্ছে। যেহেতু ইংলিশ কন্ডিশন, দলের ফাস্ট বোলার একটু বেশি টিমে থাকবে। তাই অনেক ফাস্ট বোলারকে দেখা হচ্ছে। আমরা পরবর্তীতে সুপার লিগে দুই খেলা পরেই কিন্তু আমরা সিলেকশনের প্রক্রিয়াটা শেষ করব।’
তবে বিশ্বকাপ দলে চমক থাকার সম্ভাবনা নাকচ করছেন না নির্বাচকরা। যদিও গত কিছুদিন আলোচনায় থাকা ইয়াসির আলী রাব্বিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নাকি বিশ্বকাপের মূল দলে নেওয়া হবে সেটি চূড়ান্ত হয়নি। বিপিএলের পর প্রিমিয়ার লিগেও হাসছে এই তরুণের ব্যাট। তিনি ছাড়া বিশ্বকাপের সম্ভাব্য দলের আলোচনায় থাকা ক্রিকেটারদের মাঝে আর কোনো নতুন নাম নেই।
বিশ্বকাপ দলের চমক সম্পর্কে জানতে চাইলে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এই মুহূর্তে এটা বলা মুশকিল, নতুন একজন দিচ্ছি কিনা। এই নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। দুই এক দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই প্রস্তুত করে ফেলব। কিছু থাকতেও পারে, হয়তো একজন থাকতেও পারে বা দুইজনও থাকতে পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা।’ তবে গতকাল আবাহনীর হয়ে সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন সৈকতের বিশ্বকাপ দলে জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিকেএসপিতে বিপদের মুখে থাকা আবাহনীর হয়েছে অপরাজিত ১০১ রান করেছেন তিনি। ইনজুরি কাটিয়ে গতকাল মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। তিনিও আছেন আলোচনায়। যদিও মাঠে ফেরাটা খুব ভালো হয়নি তার। ৫ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার।