টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়া দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল, বিচারক ডিকে জৈনের কাছে নিজেদের স্বাক্ষ্য দিয়েছেন। এই দুই ক্রিকেটারকে নিজেরা এসে নিজেদের বক্তব্য রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৯ এপ্রিল পান্ডিয়া ও ১০ এপ্রিল রাহুল গিয়ে বক্তব্য রাখেন। এএনআইকে বিচারক জৈন এই খবর নিশ্চিত করে বলেছেন, ‘কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া, দু জনই আমার সাথে দেখা করেছে এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। সঠিক সময়ে আমি একটা সিদ্ধান্ত জানাবো।’ বিসিসিআই ন্যায়পাল হিসেবে ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়ার পর এটা ছিল বিচারক জৈনের প্রথম মামলা। তিনি গত সপ্তাহেই বলেছিলেন, তিনি দুই অভিযুক্তর কাছ থেকে তাদের বক্তব্য শুনে তবে রায় দেবেন।