কালীগঞ্জে পুলিশকে সহায়তা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহফুজ আলম (২৪) নিহত হয়েছেন। আহত হয়েছেন কালীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা।
শনিবার দুপুরে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ।
মাহফুজ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের সোলাইমানের ছেলে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআই সাকিব হাসান (২৮) ও পিএসআই রোমান (২৫)।
জানা গেছে, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এসআই সাকিব হাসান দুপুরে ডিউটিরত অবস্থায় গাছ ভর্তি একটি ট্রাককে থামাতে নির্দেশ দেন। এ সময় চালক নির্দেশ অমান্য করে দ্রুত ট্রাক নিয়ে টঙ্গীর অভিমুখে চলে যায়। তখন ওই স্থানে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা মাহফুজের সহযোগীতায় সাকিব ও পিএসআই রোমান ট্রাকটিকে ধাওয়া করেন।
মোটরসাইকেলটিকে মূলগাঁও মাদ্রাসার সামনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় চালকের আসনে ছিলেন মাহফুজ। এতে ঘটনাস্থলেই মাহফুজ নিহত হন। এ সময় আহত হন সাকিব ও রোমান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, মাহফুজ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, কাভার্ডভ্যানটি বর্তমানে কালীগঞ্জ থানার হেফাজতে রয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি