গোপালগঞ্জে ৩ ডাকাত আটক

 
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি করে ফেরার পথে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কমলাপুর খন্দকার বাজারের কাছ থেকে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। 
 
তারা হলেন- খুলনার ফুলবাড়িয়া এলাকার সাইদুর বিশ্বাস (৪০), ফরিদপুরের সালতা এলাকার কালা মিয়া ওরফে রবিউল (২০) এবং মুকসুদপুরের মুনিরকান্দি গ্রামের টুটুল শেখ।  
 
জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ৭/৮জনের একটি আন্তঃজেলা ডাকাত দল উপজেলার নারায়ণপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার বাড়িতে ডাকাতি করে টাকা ও মালামাল নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার রাজ্জাক তালুকদারের দোকানে ডাকাতি করে মালামাল ও টাকা লুটে করে। শনিবার ভোরে ডাকাতি করে ফেরার পথে কমলাপুর গ্রামের খন্দকার বাজার এলাকায় স্থানীয় জনগণ সাইদুর, রবিউল ও টুটুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।সাইদুর ও রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টুটুল শেখকে প্রাথমিক চিকিৎসার পর থানা হেফাজতে রাখা হয়েছে। 
 
মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান বলেছেন, ‘স্থানীয় জনগণ ডাকাত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’
 
ইত্তেফাক/অারকেজি